বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিশ্বনাথে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে তাসনিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় (মুন্সিবাড়ি) গ্রামের ব্যবসায়ী আমির উদ্দিনের মেয়ে।

রবিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে শিশুটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল তাসনিয়া।

সকাল নয়টা থেকে দশটার মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও শিশুটির বাবার উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।