যাত্রাবাড়ীতে ২৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ২৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিকি ছবি

যাত্রাবাড়ীতে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ হেলাল উদ্দিন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রবিবার (১৭ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) রাত আনুমানিক সাড়ে ৮টায় ডিবি গুলশান বিভাগের একটি অভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন সেন্টু ফিলিং স্টেশনের পূর্ব পাশে শাহাদাত ভলকানাইজিং দোকানের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক থেকে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ২৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হেলালকে আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে রাজধানীতে মাদক চোরাচালান ও বিক্রি প্রতিরোধে ডিএমপি কঠোর অভিযান অব্যাহত রাখবে।