মাঠ পর্যায়ের সমস্যা সমাধানে ২০ মে মাউশির জরুরি অনলাইন সভা

মাঠ পর্যায়ের সমস্যা সমাধানে ২০ মে মাউশির জরুরি অনলাইন সভা

ছবি: সংগৃহীত

দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার মাঠ পর্যায়ের বিভিন্ন সংকট ও চিহ্নিত সমস্যার সমাধান করতে আগামী ২০ মে (বুধবার) জরুরি অনলাইন জুম সভার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ওই অনলাইন সভায় মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের যুক্ত করার সুবিধার্থে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তার হালনাগাদ তথ্য দ্রুত নির্দিষ্ট ই-মেইলে পাঠানোর জন্য আঞ্চলিক উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। 

একইসঙ্গে সভায় আলোচ্য সূচি নির্ধারণ করে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

রোববার (১৭ মে) মাউশি অধিদপ্তর সূত্রে জানা গেছে, অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং ‘ডিজিটাল মনিটরিং সিস্টেম’ (ডিএমএস) অ্যাপের মাধ্যমে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন করা ও পাঠানো তথ্য সংগ্রহ করে থাকে। এই অ্যাপের তথ্যের আলোকে প্রতি ৩ মাস পরপর একটি ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে ‘সমন্বিত পরিবীক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদন (১ম ত্রৈমাসিক)- ২০২৬’ প্রস্তুত করা হয়েছে। এই প্রতিবেদনে মাঠ পর্যায়ের বেশ কিছু সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে।

মাউশি জানিয়েছে, চিহ্নিত এই সমস্যাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের পথ খুঁজতে গত ৪ মে অধিদপ্তরে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আগামী বুধবার এই জরুরি জুম সভার আয়োজন করা হয়েছে। এই সভার জন্য জুম আইডি (412 526 1823) এবং পাসকোড (1234) নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সভায় প্রধান ৩টি আলোচ্য সূচি নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে— ১ম ত্রৈমাসিক প্রতিবেদনের চিহ্নিত সমস্যাগুলোর সমাধান, ডিজিটাল মনিটরিং সিস্টেম (ডিএমএস) অ্যাপে বার্ষিক পরিদর্শন পরিকল্পনা বা ক্যালেন্ডার যথাসময়ে জমাদান এবং বিবিধ বিষয়।

এই অনলাইন জুম সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে একটি নির্দিষ্ট ছকে জেলা শিক্ষা কর্মকর্তাদের নাম (বা যিনি দায়িত্বে আছেন), জেলার নাম, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি সংগ্রহ করার উদ্যোগও নেওয়া হয়েছে। মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং জানিয়েছে, আঞ্চলিক উপ-পরিচালকেরা (মাধ্যমিক) তাদের অধীন সব জেলা শিক্ষা কর্মকর্তার এই হালনাগাদ তথ্য ছক আকারে দ্রুত সংগ্রহ করে ‘director.mew@gmail.com’ এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।