আড়াইহাজার হয়ে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়কের প্রস্তাব
সংগৃহীত ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ও চাপ কমাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী থেকে গোলাবাড়ি ও আড়াইহাজার হয়ে ঢাকা-কুমিল্লা বিকল্প মহাসড়ক নির্মাণের একটি প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুমিল্লা উত্তর ও ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ জনপদের সঙ্গে রাজধানী ও বন্দর এলাকার সরাসরি যোগাযোগ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
রবিবার (১৭ মে) কুমিল্লা স্থানীয় সরকার দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে এ প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করেন সিনিয়র সহকারী প্রকৌশলী মেহেদি হাসান। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি উপস্থাপন করা হয়।
প্রস্তাবনায় বলা হয়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী থেকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হয়ে গোলাবাড়ি দিয়ে গোমতীর উত্তর পাড় ঘেঁষে সড়কটি বুড়িচংয়ের পীরযাত্রাপুর, দেবিদ্বার, কোম্পানীগঞ্জ, মেটংঘর, শলপা, শ্রীকাইল, রামচন্দ্রপুর ও রূপসদী হয়ে বাঞ্ছারামপুরে গিয়ে মিলিত হবে। পরে আড়াইহাজার-বাঞ্ছারামপুর প্রস্তাবিত মেঘনা সেতু হয়ে কাঞ্চনব্রিজ দিয়ে সড়কটি ৩০০ ফিট সড়কের সঙ্গে যুক্ত হবে।
এ প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমবে এবং কুমিল্লার উত্তরাঞ্চলের জনগণ বিকল্প সড়ক ব্যবহার করে দ্রুত রাজধানীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। পাশাপাশি গৌরিপুর থেকে হোমনা হয়ে বাঞ্ছারামপুর পর্যন্ত আরেকটি বিকল্প সংযোগ সড়কও তৈরি হবে।
প্রস্তাবনায় আরও উল্লেখ করা হয়, নতুন মহাসড়ক নির্মিত হলে এ অঞ্চলে শিল্প-কারখানা স্থাপন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং প্রস্তাবিত কসবা ইপিজেডের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
বৈঠকে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মফিজুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী পিন্টুসহ বিভিন্ন উপজেলার সহকারী প্রকৌশলীরা।