নাটোরে প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
নাটোরের নলডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের লাঠির আঘাতে মো. মনির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত মনির হোসেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আপন চাচাতো ভাই মোহাম্মদ আলী ও মহিদুল ইসলামের সঙ্গে মনির হোসেনের বিরোধ চলে আসছিল। গত শনিবার সকালে জমির আইল বাঁধা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মনির হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূরে আলম জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।