শিবচরে চোরাই পিকআপসহ আটক ১

শিবচরে চোরাই পিকআপসহ আটক ১

সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে শিবচর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই পিকআপসহ মোট তিনটি পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাড়িগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।

রবিবার (১৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ভ্যালি ব্রিজ এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ ফারুকের বাড়ি খুলনার তেরখাদা এলাকায়। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে শিবচরে বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে রাতে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু হলে তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপটি উদ্ধার ও ফারুককে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন কাদের জানান, উদ্ধার হওয়া অন্য দুটি পিকআপেরও বৈধ কাগজপত্র নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলোও চোরাই যানবাহন।

তিনি আরও জানান, স্থানীয়দের কাছে ফারুক নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন। তবে তিনি কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কিনা তা যাচাই করা হচ্ছে।
পুলিশ জানায়, ফারুক পেশায় গাড়ির মিস্ত্রি এবং তার ব্যবহৃত গাড়িতে সাংবাদিক স্টিকার লাগানো ছিল। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।