কলমাকান্দায় শ্রমিক নিহতের ঘটনায় মামলা, গ্রেফতার ১
প্রতিকি ছবি
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় কৃষি শ্রমিক নিহতের ঘটনায় নেত্রকোনার কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তাকিম (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) দুপুরে গ্রেফতারকৃত মোস্তাকিমকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, রবিবার সকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনায় কৃষি শ্রমিক বাবুল মিয়া (৬৫) নিহত হন।
রাতেই নিহতের বড় ছেলে নিজাম উদ্দিন বাদী হয়ে কলমাকান্দা থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পেনাল কোড ১৮৬০-এর ৩২৩/৩২৪/৩০২/৩০৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাবুল মিয়া উপজেলার বরদল গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।
তার ছেলে সিরাজুল ইসলামসহ পরিবারের সদস্যরাও দিনমজুরের কাজ করতেন।
ঘটনার দিন সকালে সিরাজুল ইসলাম স্থানীয় একটি জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় আগের ধান কাটার পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত হাবিবুর রহমান ভান্ডারী ও তার সহযোগীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে সিরাজুল ইসলামকে মারধর শুরু করেন।
অভিযোগ রয়েছে, এ সময় সাদ্দাম হোসেনের হাতে থাকা কাঁচি দিয়ে সিরাজুল ইসলামের ডান চোখের ওপরে আঘাত করা হয়। ছেলের চিৎকার শুনে বাবুল মিয়া এগিয়ে এলে অভিযুক্তরা তাকেও এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। মামলার অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় বাবুল মিয়ার মাথা, বুক ও পেটে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নূর আলম জানান, রবিবার গভীর রাতে উপজেলার বরদল বাজার এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন নম্বর আসামি মোস্তাকিমকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।