জামিনে মুক্তির পর জেলগেট থেকে ফের গ্রেফতার আওয়ামী লীগ নেতা
প্রতিকি ছবি
হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাওয়ার পর মাগুরা কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও গ্রেফতার করা হয়েছে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে।
রবিবার সন্ধ্যার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে আদালতে হাজির করা হলে কোর্ট থেকে জানানো হয় অনেক পুরনো একটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাগুরা- ২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আছাদুজ্জামানের কনিষ্ঠ পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন স্থানে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভের পর রবিবার বিকেলে কারামুক্ত হন। তবে জেলগেট থেকে বের হওয়ার পর তাকে পুনরায় গ্রেফতার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আশরাফুজ্জামান হিশামের নামে অনেক আগে করা একটি মামলায় গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে আশরাফুজ্জামান হিশামকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।