মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কারভাহাল

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কারভাহাল

দানি কারভাহাল

ছয়টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনন্য কীর্তি গড়া দানি কারভাহাল চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন। সোমবার (১৮ মে) এক যৌথ বিবৃতিতে ক্লাব ও এই স্প্যানিশ ডিফেন্ডার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে।

৩৪ বছর বয়সি কারভাহালই একমাত্র ফুটবলার, যিনি ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সবগুলোতেই মূল একাদশে খেলেছেন। দীর্ঘ দুই দশকের বেশি সময় রিয়ালের সঙ্গে কাটানো এই রাইট ব্যাককে বিদায়বেলায় ‘কিংবদন্তি ও প্রতীক’ বলে আখ্যা দিয়েছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ।

মাদ্রিদে জন্ম নেয়া কারভাহাল ২০০২ সালে রিয়ালের একাডেমিতে যোগ দেন। ২০১২ সালে তিনি জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেনে গেলেও মাত্র এক মৌসুম পরই তাকে ফিরিয়ে আনে রিয়াল। এরপর টানা ১৩ মৌসুম ধরে ক্লাবটির জার্সিতে খেলেছেন ৪৫০ ম্যাচ।

এই সময়ে তিনি জিতেছেন ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগাসহ মোট ২৭টি ট্রফি। শেষ দিকে দলের অধিনায়কত্বও পান তিনি। তবে গত কয়েক মৌসুম ধরে চোটের সমস্যায় ভুগছিলেন এই ডিফেন্ডার।

এদিকে গত বছর ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড দলে আসার পর কারভাহালের খেলার সুযোগও কমে যায়। চলতি লা লিগা মৌসুমে তিনি খেলেছেন মাত্র ৮৯২ মিনিট। সবকিছু বিবেচনায় তার সঙ্গে নতুন চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল।

আগামী শনিবার (২৩ মে) সান্তিয়াগো বার্নাব্যুয়ে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে কারভাহালকে বিশেষ সম্মাননা জানাবে রিয়াল মাদ্রিদ।