পরিবর্তনের যাত্রায় নেতাকর্মীদেরও সমান তালে কাজ করতে হবে: প্রিন্স

পরিবর্তনের যাত্রায় নেতাকর্মীদেরও সমান তালে কাজ করতে হবে: প্রিন্স

সংগৃহীত ছবি

 

নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অনাড়ম্বর ও মানবিক দৃষ্টিভঙ্গী অনুস্মরণ-ধারণ করার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জনকল্যাণে তারেক রহমানের অনাড়ম্বর ও মানবিক রাজনীতি এবং কর্ম পরিকল্পনা অনন্য নজির স্থাপন করেছে। 

শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রিন্স। 

এতে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ের সংগঠন শক্তিশালীকরণ, ইউনিয়নের উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। 

এ সময় প্রিন্স বলেন, তারেক রহমান মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ার কারিগড় হিসেবে আবির্ভূত হয়েছেন। জন প্রত্যাশা পূরণে তিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন। পরিবর্তনের এ যাত্রায় নেতাকর্মীদেরও সমান তালে কাজ করতে হবে এবং সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শের ধারাবাহিকতা তারেক রহমানের নেতৃত্বে প্রতিফলিত হয়েছে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান। তাঁকে সহযোগিতা করা নেতাকর্মীদের জন্য একান্ত অপরিহার্য্য ও বাধ্যতামূলক দায়িত্ব। 

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনীতিকে জনসেবার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। নেতাকর্মীদের মানুষের পাশে থেকে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় পরিচয়।

হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিএনর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ, মিজানুর রহমান মিজান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, উপজেলা পারিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ময়না, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, সদস্য সচিব তাজবীর হোসেন অন্তরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।