সিরাজগঞ্জে নিজ ঘরে মিলল যুবকের ঝুলন্ত লাশ
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের কান্দাপাড়ায় বাবু (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক কান্দাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
নিহতের স্বজনেরা জানান, রবিবার রাতে খাবার খেয়ে বাবু নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন অনেক বেলা হয়ে গেলেও বাবু ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করতে থাকে।
এরপরেও কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ফ্যানের সঙ্গে বাবুর ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।