বুধবার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর উন্মোচন
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীর সাতাইশ ধরপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রায় ৮ একর জমির ওপর নির্মিত হতে যাচ্ছে ‘জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’। এ উপলক্ষে বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি তিন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এমপি, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার, মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় নেতারা।
সংশ্লিষ্টরা জানান, দেশে প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট ও আবহাওয়াজনিত দুর্যোগ মোকাবিলায় দক্ষ জনবল গড়ে তোলা, গবেষণা কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এ ইনস্টিটিউট নির্মাণ করা হচ্ছে।
এখানে প্রশিক্ষণের পাশাপাশি আন্তর্জাতিক মানের দুর্যোগবিষয়ক গবেষণার সুযোগ থাকবে। বিভিন্ন ধরনের দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পদ্ধতি উদ্ভাবনের উদ্যোগও নেওয়া হবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম দুর্যোগ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রাথমিকভাবে প্রায় ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম ধাপে একাডেমিক ভবন ও হোস্টেলের তৃতীয় তলা পর্যন্ত নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার বিকেলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। এসময় ডগ স্কোয়াডের প্রশিক্ষিত কুকুর দিয়ে বিস্ফোরক, বোমা ও অস্ত্র শনাক্তে তল্লাশি চালানো হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বুধবার দুপুর ২টায় প্রধানমন্ত্রীর টঙ্গী সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।