ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাবিতে বিশেষ সেমিনার

ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাবিতে বিশেষ সেমিনার

সংগৃহীত

ফ্রান্সে উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সম্পর্কে শিক্ষার্থী ও শিক্ষকদের জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার। এতে ফ্রান্সের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা ও গবেষণার সম্ভাবনা তুলে ধরা হয়।

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম. এ. লতিফ মিলনায়তনে ‘ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (আইসিওজি)। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশে ফরাসি দূতাবাস, ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ এবং এক্সপার্টিজ ফ্রান্স।

সভাপতির বক্তব্যে ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে একাডেমিক এবং সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।” পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

ফরাসি রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে শার্লে বলেন, “ফ্রান্সের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং উদ্ভাবনী শিক্ষাব্যবস্থা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।” তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

সেমিনারে জানানো হয়, ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ এবং এক্সপার্টিজ ফ্রান্সের সহায়তায় আইসিওজি’র একজন শিক্ষার্থী ফ্রান্সের লা রোশেল বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন করেছেন। এছাড়া, ফরাসি দূতাবাসের সহায়তায় আরেকজন শিক্ষার্থী ফ্রান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তরুণ শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

সেমিনার শেষে ফরাসি রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে শার্লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (আইসিওজি) পরিদর্শন করেন।

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ছাত্র-শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠকে পরিবেশ সুরক্ষায় ঢাকার বায়ুদূষণ ও বায়ুর গুণমান নিয়ে অত্যাধুনিক গবেষণা কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করা হয়।

ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে শার্লে।

সেমিনারে আরো বক্তব্য দেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবীর, আইসিওজি’র পরিচালক ড. কে এম আজম চৌধুরী, ফরাসি দূতাবাসের কালচারাল অ্যাটাশে ব্যাপটিস্ট লেব্রে এবং ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের কান্ট্রি হেড নাসিবা হোসেন।