জামায়াত কখনোই ক্ষমতায় আসতে পারবে না: মির্জা ফখরুল

জামায়াত কখনোই ক্ষমতায় আসতে পারবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর // ছবিঃ সংগৃহীত।

জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার ভাষ্য, এদেশের মানুষ কখনোই জামায়াতকে ক্ষমতায় আনবে না। ১৯৭১ সালে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা মানুষের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছিল, সেই স্বাধীনতাবিরোধী দলটিকে কোনোভাবেই ক্ষমতায় আনবে না।

একইসঙ্গে তিনি জানালেন,  ধর্ম আর মিথ্যাচার নিয়ে রাজনীতি চলে না। এদেশের জনগণ মিথ্যাচারকারীদের ক্ষমা করবে না।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন শেষে জেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপি মহাসচিব বললেন, একটি মহল জনগণকে বিভ্রান্ত করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তারা বলে বিএনপি নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। অথচ জুলাই সনদ তৈরি করেছে বিএনপিই, সংস্কারের দাবিও আমাদের।

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল জানান,  আমাদের নেতা তারেক রহমান ঠাকুরগাঁওয়ে এসে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে, মেডিকেল কলেজ স্থাপনের কাজ চলছে, ভূল্লী ও রুহিয়াকে উপজেলা করা হয়েছে। অবহেলিত এ জেলা এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর কথা দিয়ে গেছেন, তাই আমাদের এটি বাস্তবায়ন করতেই হবে।

তার মতে, বিমানবন্দরটি চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো, কারিগরি সক্ষমতা ও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে এবং আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দর চালুর বিষয়ে সরকার আশাবাদী।

তিনি আরও জানান, ঠাকুরগাঁওয়ের ভৌগোলিক অবস্থান, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী এবং বিপুলসংখ্যক মানুষ।