ফেনীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের কারাদণ্ড

ফেনীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় যুবকের কারাদণ্ড

ফাইল ছবি

ফেনী জেলার ফুলগাজীতে এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার দায়ে ই এয়াকুব হোসেন নামে এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন জেলার একটি আদালত।

মঙ্গলবার ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৪ অক্টোবর বিকালে ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে এয়াকুব হোসেন একই গ্রামের ৬ বছর বয়সী একটি শিশু কন্যাকে একা পেয়ে নানা প্রলোভনে উপজেলা কমপ্লেক্সের নিচ তলায় নির্জন কক্ষে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণের চেষ্টা করে।

শিশুটি ওই স্থান থেকে ফিরে এ ঘটনা তার মাকে বলে দেয়। পরে তার মা ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ফুলগাজী থানার এসআই আবদুল আহাদ সরকার একই বছর ৩০ নভেম্বর তদন্ত শেষে আদালতে এয়াকুব হোসেনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর সাহাব উদ্দিন আহাম্মদ বলেন, রায় ঘোষণার সময় একমাত্র আসামি এয়াকুব হোসেন এজলাসে উপস্থিত ছিলেন।

পরে তাকে পুলিশ হেফাজতে কারাগারে পাঠানো হয়।