বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ফাইল ছবি
বাগেরহাটে পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে খুলনা-মোংলা জাতীয় মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার ভট্ট বালিয়াঘাটা নামকস্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ পণ্যবাহী ট্রাকটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
নিহতরা হলেন-বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের বাসিন্দা মোটরসাইকেল চালক আব্দুল কাদের ফরাজী, মোংলা বন্দরে কর্মরত জাহাজ চালক বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা বাহাদুর শিকদার। তবে বাকি একজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ।
বাগেরহাটের কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোংলা থেকে বাগেরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে তিনজন খুলনা-মোংলা জাতীয় মহসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি ভট্ট বালিয়াঘাটা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক আসা অপর একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের চালক আব্দুল কাদের ফরাজী ঘটনাস্থলেই মারা যান।
আহত অন্য দুই আরোহীকে স্থানীয় লোকজনসহ হাইওয়ে পুলিশ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসকরা পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। আর দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।