মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতি
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতদল বসতবাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। হামলায় এক নারী আহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, মুখোশধারী ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল মৃত আবুল মুন্সীর তিনতলা বাড়ির নিচতলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রবেশের আগে তারা বাড়ির সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
ডাকাতরা বাড়িতে ঢুকে পারভিন আক্তার (৫০), ফরিদ মুন্সী (৪৭) ও মামুন মুন্সী (৩৮)-সহ পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। এ সময় ককটেল বিস্ফোরণে ফরিদ মুন্সীর স্ত্রী আয়েশা আক্তার আহত হন।
ডাকাতদল ঘরে ঢুকে কয়েক লাখ নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
ফরিদ মুন্সী জানান, ডাকাতরা প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে আমাদের জিম্মি করে মারধর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।