আশুলিয়ায় দুই ভাইকে গুলি করে পালাল দুর্বৃত্তরা
প্রতিকি ছবি
সাভারের আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে পৃথক দুটি স্থানে বসে থাকা দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গুলির এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ইসমাইল (৩৫) ও তাঁর ছোট ভাই শিপন (৩২)।
ইসমাইলের ডান পা ও পিঠে গুলি লেগেছে এবং শিপনের ডান ঊরুতে গুলি লেগেছে। তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় রফিকুল ইসলাম জানান, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা সংলগ্ন এলাকায় ডিশ ও ইন্টারনেট ব্যবসা করেন সবুজ সরকার। শিপন সেখানে সহযোগী হিসেবে কাজ করেন।
সবুজ সরকার বলেন, 'শিপন আমার ব্যবসার টুকটাক কাজ করে। সে আমার প্রতিবেশী। শিপনের বড় ভাই ইসমাইল। আমার ব্যবসা নিয়া কখনো কোনো গ্যাঞ্জাম হয় নাই।
তাদের দুইজনকে কেন গুলি করল, তা আমি বুঝতে পারছি না। '
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে ওই এলাকার ভার্চ্যুয়াল পোশাক কারখানার গলিতে বসে ছিলেন ইসমাইল। এ সময় তিনটি মোটরসাইকেলে করে ৯ ব্যক্তি এসে ইসমাইলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইসমাইল পিঠ ও পায়ে গুলিবিদ্ধ হন। পরে ওই ব্যক্তিরা পুনরায় মোটরসাইকেলে করে ঘটনা স্থলের অদূরে পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে বসে থাকা শিপনকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে তিনিও আহত হন।
আহত দুজনকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইন্টারনেট ও ডিশ ব্যবসার দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। '