বাঞ্ছারামপুরে বাড়ছে সড়কে মৃত্যু, এবার প্রাণ গেল ৬ বছরের শিশুর

বাঞ্ছারামপুরে বাড়ছে সড়কে মৃত্যু, এবার প্রাণ গেল ৬ বছরের শিশুর

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক যেন ক্রমেই মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। সড়কে একের পর এক মৃত্যুর মিছিলে এবার যুক্ত হলো ৬ বছরের শিশু মো. ইউসুফের নাম।বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার সোনারামপুর এলাকায় ট্রলিচাপায় ইউসুফ নিহত হয়। সে সোনারামপুর হলিচাইল্ড মডেল স্কুলের শিক্ষার্থী ছিল।

জানা গেছে, স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি পাওয়ার ট্রলির চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, বাঞ্ছারামপুরে একের পর এক সড়ক দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে। চলতি সপ্তাহেই খোষকান্দি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে রিফাত নামে এক যুবক নিহত হন।

এ ঘটনায় আহত অন্য একজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

এছাড়া, গত ১৯ মে দুপুরে উপজেলার দরিয়াদৌলত বাজারে এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষে আরও তিনজন আহত হন।

স্থানীয়রা বলছেন, বেপরোয়া যান চলাচল, অদক্ষ চালক এবং সড়কে তদারকির অভাবের কারণে দুর্ঘটনা বাড়ছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানোর দাবি জানিয়েছেন।