কৃষি জমির মাটি কেটে বিক্রি, দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা
সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কাটার অপরাধে জসিম উদ্দিন ও মোক্তার হোসেন নামে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। এরমধ্যে জসিমকে ১ লাখ টাকা ও মোক্তারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মে) রাত ৯টার দিকে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে উপজেলার চরবাদাম ও চরআলগীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন তিনি। দণ্ডপ্রাপ্তরা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা।
উপজেলা প্রশাসন জানায়, দণ্ডপ্রাপ্তরা চরবাদাম ও চরআলগী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কৃষি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিম ও মোক্তারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, দণ্ডিতদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে। কৃষি জমির উর্বর মাটি কাটার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।