ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সওজের উচ্ছেদ, হকারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সওজের উচ্ছেদ, হকারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। তবে ঈদকে সামনে রেখে দোকানে থাকা মালামাল সরিয়ে নিতে হকারদের ২৪ ঘণ্টার সময় দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টার দিকে শিমরাইল মোড়ে এ অভিযান শুরু হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সওজ কর্তৃপক্ষ অংশ নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযান চলাকালে সড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা সরিয়ে নিতে হকারদের নির্দেশ দেওয়া হয়। এসময় ব্যবসায়ীরা ঈদের আগে দোকানে বিপুল পরিমাণ মালামাল থাকার কথা জানিয়ে সময় চান।

পরে মানবিক দিক বিবেচনায় তাদের উচ্ছেদের জন্য ২৪ ঘণ্টা সময় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, মহাসড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে মালামাল সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্যাহ মজুমদার, সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. ওমর ফারুকসহ র‍্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।