নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান শুরু
ফাইল ছবি।
একদিনে সর্বোচ্চসংখ্যক পর্বতারোহীর এভারেস্ট অভিযান শুরুর রেকর্ড হয়েছে নেপালে।গতকাল ২০ মে ২৭৪ জন পর্বতারোহী এভারেস্টের শীর্ষে ওঠার জন্য পর্বতটিতে আরোহণ শুরু করেছেন।
২৯ হাজার ৩০ ফুট উঁচু এভারেস্ট নেপাল এবং চীনের তিব্বত অঞ্চলের সীমান্ত জুড়ে বিস্তৃত। উভয় দিক থেকেই পৃথিবীর সবচেয়ে উঁচু এই পর্বতে আরোহণ করা যায়।
প্রতি বছর নেপাল এবং তিব্বত— উভয় অঞ্চল থেকেই পর্বতারোহীরা এভারেস্টে আরোহন করেন, তবে এবার চীনের সরকার কোনো পর্বতারোহীকে এভারেস্টে আরোহনের পারমিট দেয়নি।
নেপালের এক্সপিডিশন অপারেটর্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ঋষি ভান্ডারি রয়টার্সকে এ বিষয়ে বলেছেন, “এটা একদিনে সর্বোচ্চসংখ্যক পর্বতারোহীর এভারেস্টে আরোহনের রেকর্ড। এর আগের রেকর্ডটি হয়েছিল ২০১৯ সালের ২২ মে। সেদিন ২২৩ জন পর্বতারোহী এভারেস্টে আরোহন করেছিলেন।
এভারেস্টে আরোহণের জন্য আদর্শ সময় বা মৌসুম হলো এপ্রিল এবং মে— এই দু’মাস। চলতি ২০২৬ সালে ৪৯৪ জন পর্বতারোহীকে পারমিট দিয়েছে নেপালের সরকার। প্রতিটি পারমিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ ডলার।
নেপালের কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা হিমেল গৌতম রয়টার্সকে বলেছেন, তিনি প্রাথমিক তথ্য পেয়েছেন যে ২০শে মে ২৫০ জনেরও বেশি মানুষ চূড়ায় আরোহণ করেছেন। তবে নিশ্চিত কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।
“আমরা পর্বতারোহীদের ফিরে আসার জন্য অপেক্ষা করব, তারা আমাদের তাদের আরোহণের প্রমাণ হিসেবে ছবি ও অন্যান্য প্রমাণ দেবেন, তারপর আমরা তাদের আরোহণের সনদপত্র প্রদান করব এবং কেবল তখনই আমরা পর্বতারোহীদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারব”, রয়টার্সকে বলেছেন গৌতম।