ট্রফি জয়ে শীর্ষস্থানে মেসি, রোনালদোর অবস্থান কত?

ট্রফি জয়ে শীর্ষস্থানে মেসি, রোনালদোর অবস্থান কত?

ফাইল ছবি

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনা নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। গোল, রেকর্ড ও ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় শিরোপার হিসাবেও তাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, যেখানে আপাতত এগিয়ে আছেন মেসি।

মেসি এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ ৪৭টি ট্রফি জিতেছেন, যা ফুটবল ইতিহাসে সর্বাধিক। বার্সেলোনা, পিএসজি, ইন্টার মিয়ামি এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তিনি এই অসাধারণ কীর্তি গড়েছেন।

অন্যদিকে রোনালদো সৌদি প্রো লিগ শিরোপা জয়ের মাধ্যমে তার ক্যারিয়ারের ৩৬তম ট্রফি অর্জন করেছেন। আল নাসরের হয়ে এটি তার প্রথম বড় সাফল্য।

এই সংখ্যার ভিত্তিতে সর্বাধিক ট্রফি জয়ীদের তালিকায় রোনালদো এখন যৌথভাবে ১১তম স্থানে আছেন। যেখানে তার সঙ্গে সমান সংখ্যক ট্রফি রয়েছে সার্জিও বুসকেটস, আনহেল ডি মারিয়া ও রায়ান গিগসের মতো ফুটবলারদেরও।

শীর্ষ ট্রফি জয়ীদের তালিকায় মেসির পরেই অবস্থান করছেন দানি আলভেস (৪৩), মারকিনিওস (৪২) এবং আন্দ্রেস ইনিয়েস্তা (৪০)।

৪১ বছর বয়সী রোনালদোর সামনে এখন বড় লক্ষ্য হলো ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা। যেটি অর্জন করতে পারলে তার নাম ফুটবলের ইতিহাসে আরও উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে।