সাভারে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

সাভারে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

প্রতিকি ছবি

 

ঢাকার সাভারে এক দিনের ব্যবধানে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ দুই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে বনগ্রামে এবং বৃহস্পতিবার পার্শ্ববর্তী পাঁচগাছিয়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

থানা পুলিশ জানায়, সাভারের আমিন বাজার ইউনিয়নে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে আব্দুর রাজ্জাক (৬৯) নামে এক বৃদ্ধকে আটক করে আমিনবাজার ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। রাজ্জাক পটুয়াখালী জেলার বাউফল থানার কেশবপুর বাজেমহল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।  

এদিকে, সাভার মডেল থানার বনগাঁও ইউনিয়নে এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহজাহান (৬০) নামে এক মুদি দোকানিকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

গ্রেফতার শাহজাহান ঢাকা জেলার দোহার থানার সুতারপাড়া গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে একটি মুদি দোকান ঘরে বসবাস করে আসছেন। ভুক্তভোগী শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই মুদি দোকানে বিস্কুট কিনতে যায় শিশুটি। এ সময় দোকানি শাহজাহান তাকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে টেনে-হিঁচড়ে দোকানের ভেতরে নিয়ে যায়। পরে শিশুটি বাড়িতে ফিরে তার চাচাকে জানালে বিষয়টি প্রকাশ পায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন দুটি ধর্ষণের মামলা নেওয়া হয়েছে। ঘটনা দুটির মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।