মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
প্রতিকি ছবি
মুন্সীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মো. সোপান (২৪) ও আজওয়াদের (২২) মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ হাজি বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত মো. সোপান মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে এবং আজওয়াদ মিরপুর এলাকার রিপনের ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ঢাকা থেকে মুন্সীগঞ্জে বন্ধুর বাসায় বেড়াতে আসেন।
বন্ধুর বাড়ির পুকুরে ৬-৭ জন গোসল করতে নামেন। বাকিরা পাড়ে ছিলেন। এ সময় সোপান ও আজওয়াদ পুকুরে ডুবে নিখোঁজ হন। বন্ধু ও স্থানীয় লোকজন চেষ্টা করে নিখোঁজ দুজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
মৃত সোপান ও আজওয়াদ দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ