মৃত সঙ্গীকে ঘিরে রাস্তার মাঝেই দেড় ঘণ্টা দাঁড়িয়ে রইল পুরো ভেড়ার পাল

মৃত সঙ্গীকে ঘিরে রাস্তার মাঝেই দেড় ঘণ্টা দাঁড়িয়ে রইল পুরো ভেড়ার পাল

সংগৃহীত ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সীরহাট এলাকায় ব্যস্ত সড়কের মাঝখানে পড়ে ছিল একটি মৃত ভেড়া। চারপাশ দিয়ে ছুটে যাচ্ছিল যানবাহন। কিন্তু সরে যায়নি তার সঙ্গীরা। মৃত ভেড়াটিকে ঘিরে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিল পুরো ভেড়ার পাল। হৃদয়স্পর্শী এ দৃশ্য স্থানীয় মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো খামারি মো. ফরিদের ভেড়ার পাল মাঠে যাচ্ছিল। এ সময় মুন্সীরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যান একটি ভেড়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সেটি মারা যায়।

সাধারণত এমন পরিস্থিতিতে প্রাণীরা আতঙ্কে ছুটে পালিয়ে যায়। তবে এ ঘটনায় দেখা যায়, বাকি ভেড়াগুলো মৃত সঙ্গীটিকে ঘিরে রাস্তার ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকে। কেউ সামনে এগোয়নি, কেউ সরে যায়নি।

ঘটনার সময় পাশের দোকানে থাকা মো. মোস্তাক আলী বলেন, গাড়ির ধাক্কায় ভেড়াটি মারা যাওয়ার পর তিনি ভেবেছিলেন অন্যগুলো পালিয়ে যাবে। কিন্তু তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে শুধু মৃত ভেড়াটির দিকেই তাকিয়ে ছিল। দৃশ্যটি দেখে তাঁর বুক কেঁপে উঠেছিল।

পথচারী সুজন মিয়া বলেন, কয়েকজন মিলে ভেড়াগুলোকে সরানোর চেষ্টা করা হয়েছিল। শব্দ করা হয়, ভয়ও দেখানো হয়। কিন্তু তারা সেখান থেকে সরেনি। মনে হচ্ছিল, তারা যেন বিশ্বাস করতে পারছিল না যে তাদের সঙ্গী আর উঠবে না।

প্রায় দেড় ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকায় সড়কে যান চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে। তবে অনেক পথচারী ও স্থানীয় মানুষ ঘটনাটি দাঁড়িয়ে দেখেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভেড়ার মালিক মো. ফরিদ। তিনি মৃত ভেড়াটিকে সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে রাস্তা ছাড়ে বাকি ভেড়াগুলো।

মো. ফরিদ বলেন, মানুষ মনে করে প্রাণীদের আবেগ নেই। কিন্তু দীর্ঘদিন ভেড়া পালনের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, ভেড়ারা সবসময় দলবদ্ধভাবে চলে এবং দলের কোনো সদস্য বিপদে পড়লে সহজে তাকে ছেড়ে যায় না।

তিনি বলেন, ভেড়াগুলো হয়তো বুঝতে পারছিল না তাদের সঙ্গীটি আর বেঁচে নেই। মৃত ভেড়াটিকে সরিয়ে নেওয়ার পর তারা শান্ত হয়ে রাস্তা থেকে সরে যায়।

ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রভাষক ডালিম কুমার রায় বলেন, প্রাণীদের এমন আচরণ আসলে তাদের সামাজিক বন্ধনের বহিঃপ্রকাশ। হাতি, তিমি, শিম্পাঞ্জি কিংবা কুকুরের মতো অনেক স্তন্যপায়ী প্রাণীর মধ্যেই শোক প্রকাশের প্রবণতা দেখা যায়।

তিনি আরও বলেন, দলবদ্ধ প্রাণীরা তাদের কোনো সঙ্গীকে হারালে এক ধরনের মানসিক ধাক্কার মধ্যে পড়ে। ভেড়ার ক্ষেত্রেও দলগত আচরণ অত্যন্ত শক্তিশালী। মুন্সীরহাটের ঘটনাটি সেই সামাজিক বন্ধনেরই একটি উদাহরণ।