সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

‎নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের গুদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় এলাকায় একটি পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হচ্ছে।


‎শনিবার (২৩ মে) রাত ১০টার দিকে বেলাল মসজিদের দক্ষিণ পাশে জনৈক জাকির হোসেনের পরিত্যক্ত প্লাস্টিক গোডাউনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের লোকজন কয়েক দিন ধরে অতিরিক্ত পচা দুর্গন্ধ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। পরে সংবাদ পেয়ে উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি ৫ থেকে ৬ দিন আগের হতে পারে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

‎সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।