নরসিংদীতে অভিযানে গিয়ে লাঞ্ছিত ৬ পুলিশ সদস্য, গ্রেফতার ৪
প্রতিকি ছবি
নরসিংদীর চরাঞ্চলে অভিযানে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন সাদা পোশাকে থাকা ৬ পুলিশ সদস্য। এ ঘটনায় সরকারি কাজে বাধা, হামলা ও মারধরের অভিযোগে মামলা করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন তাহসি বেগম, খোরশেদ মিয়া, রহিম মিয়া ও সোহাগী। তারা আলোকবালী ইউনিয়নের বাখননগর বীরগাঁও ও সাতপাড়া এলাকার বাসিন্দা।
মামলায় আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবিকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, দপ্তর সম্পাদক হুমায়ন মোল্লা, আওয়ামী লীগ নেতা মিটল, যুবলীগ নেতা মাইনুদ্দিন, ছাত্রলীগ নেতা সাজিদসহ ৫২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নরসিংদী সদর মডেল থানার কয়েকজন এসআই, এএসআই ও এক কনস্টেবল স্পিডবোটযোগে আলোকবালী ইউনিয়নের বাখননগর বীরগাঁও সাতপাড়া এলাকায় একটি মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে যান। ওই সময় কার্যক্রম নিষিদ্ধ আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব রহমান হাবিসহ অন্য নেতাকর্মীরা পুলিশের সরকারি কাজে বাধা দেয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে শতাধিক লোক জড়ো হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় ও লাঞ্ছিত করে। ফেরার সময় পুলিশ সদস্যরা স্পিডবোটে উঠে মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করেন। তখন আবারও তাদের ওপর হামলা করা হয়।
পরে বিকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা র্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৮০ সদস্যের একটি দল পুনরায় আলোকবালী ইউনিয়নের বাখননগর, বীরগাও ও সাতপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় চারজনকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী এএসআই মো. নাজমুল হোসেন অভিযোগ করেন, পুলিশ সদস্যদের মারধর ও লাঞ্ছিত করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হামলার পর ৫ পুলিশ সদস্য নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন।
নরসিংদী সদর হাসপাতালের আর এম ও গুলসান আরা কবির বলেন, ‘গত বৃহস্পতিবার দুপুরে পাঁচ পুলিশ সদস্য চিকিৎসা নিতে সদর হাসপাতালে আসেন। আমরা যথারীতি তাদের চিকিৎসা দিয়েছি।’
নরসিংদী সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ এ আর এম আল মামুন বলেন, একটি মামলার তদন্ত ও চারটি ‘গরুর হাট’ পরিদর্শন করতে পুলিশ সদস্যরা আলোকবালীতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা তাদের কাজে বাধা দেয়।
নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, সরকারি কাজে বাধা প্রদান করার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।