আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অটোরিকশাচালকের মৃত্যু

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অটোরিকশাচালকের মৃত্যু

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে মাসুম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম মিয়া দরুইন গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সোয়া ৭টার দিকে অটোরিকশা চালানো শেষে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন মাসুম। এ সময় বাড়ির কাছাকাছি রেললাইনের পাশে একটি আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। কিভাবে কি ঘটেছে সেটা জানার চেষ্টা চলছে।