গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

ফাইল ছবি

 

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী। দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

গুরুতর আহতরা হলেন— গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল কালামের ছেলে আব্দুল করিম (২৮), কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের সামাদ শেখের ছেলে হালিম শেখ (৫৮), টুপুরিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আজিজুর রহমান (৪৫), একই গ্রামের কালাম মোল্লার মেয়ে ফাতেমা (৪২), আজিজুর রহমানের মেয়ে তাহসিনা (২০), বন্দে আলীর ছেলে রিফাত আলী (২০), মাঝবাড়ী গ্রামের দাউদ দাড়িয়ার ছেলে মামুন দাড়িয়া (৪২) এবং প্রাইভেটকার চালক খুলনার ছোট বয়রার লোকমান ফরাজীর ছেলে রাব্বি (২৯)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানান, ঢাকা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়াগামী স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকারও সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।

এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং মাইক্রোবাস ও প্রাইভেটকার সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই নিহত হন এবং বাস ও প্রাইভেটকারের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর মধ্যে গুরুতর আহত ১৩ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।