সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

ফাইল ছবি

 

ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৪জন আহত হয়েছে। রবিবার সকাল পৌনে দশটায় শাহাজদপুর মশিপুর এবং সকাল সোয়া ১১টার দিকে একই উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ডের দক্ষিনপাশে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন পাবনা সাঁথিয়া থানার হলুদঘর গ্রামের দেলোয়ার হোসেন সবুজের স্ত্রী মিতা খাতুন (৩৩) ও মেয়ে সারা খাতুন (৭) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খারুয়াজংলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৮)।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, দেলোয়ার হোসেন সবুজ স্ত্রী, সন্তানদের নিয়ে সিএনজিযোগে পাবনার সাঁথিয়া যাবার পথে ঢাকা-পাবনা মহাসড়কের দিলরুবা বাসষ্ট্যান্ডের দক্ষিনপাশে পৌছলে একটি ভটভটির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দেলোয়ার হোসেন সবুজ, তার স্ত্রী মিতা খাতুন মেয়ে সারা খাতুন, সোহা খাতুন ও ছেলে আয়ান আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় পোতাজিয়া হাসপাতালে নেয়া হলে সারা খাতুন মারা যায় এবং উন্নত চিকিৎসার জন্য মিতা খাতুনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, অন্যদিকে সকাল পৌনে দশটার দিকে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের মশিরপুর এলাকা রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক শিশু মোহাম্মদ আলীকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। উভয় দুর্ঘটনায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুটি ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে তিনজন চালকই পলাতক রয়েছে।