রাতে লঞ্চ থেকে পড়ে যাওয়া কিশোরকে উদ্ধার করল জেলে
প্রতিকি ছবি
বরিশাল থেকে ঢাকা যাওয়ার সময় মেঘনার শাখা নদীতে লঞ্চ থেকে পড়ে যাওয়া সাইদুল বয়াতি(১৮) নামে এক কিশারকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মে) দিবাগত রাতে লাল বয়া সংলগ্ন এলাকায় পড়ে যাওয়ার পর ওই কিশোরকে উদ্ধার করা হয়।
মোহাম্মদ সাইদুল বয়াতি (১৮) রগুনা জেলার আমতলী থানার হলুদিয়া রাড়িবাড়ি সেতু এলাকার বাসিন্দা আব্দুল জলিল বয়াতির ছেলে।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই কিশোর। রাতে ঘুম থেকে উঠে লঞ্চের নিচতলায় বাথরুমে যাওয়ার পথে পা পিছলে নদীতে পড়ে যায়। নদীতে পড়ে যাওয়ার পর তার চিৎকার শুনে স্থানীয় জেলে মো. আক্তার হোসেন নিজের ইঞ্জিনচালিত নৌকা নিয়ে এগিয়ে যান। পরে তিনি সাইদুলকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। এরপর ওই কিশোরকে ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দেন।