লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ঘর পেলেন ভাই-বোন

লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ঘর পেলেন ভাই-বোন

সংগৃহীত ছবি

লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজীর্ণ টিনের চালার নিচে অত্যন্ত মানবেতর জীবনযাপন করা বাবা-মা হারা অসহায় তিন ভাই-বোনের স্থায়ী বাসস্থানের দায়িত্ব নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

প্রায় সাত বছর আগে বাবা নিখোঁজ হওয়া এবং তিন বছর আগে মা অন্যত্র চলে যাওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবনযাপন করছিল। মাত্র ১৭-১৮ বছর বয়সেই বড় ভাই শাকিলের কাঁধে চেপেছিল শাহনাজ ও ছোট্ট শিউলির দায়িত্ব।

‎মঙ্গলবার (২৬ মে) বিকালে জেলা শহরের গোল্ডেন বাজার সংলগ্ন ডিসি পার্ক আবাসনে ওই তিন ভাই-বোনের জন্য একটি নতুন ও নিরাপদ ঘরের ব্যবস্থা করে দেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে তিনি পরিবারটির হাতে ৩০ কেজি চাল তুলে দেন এবং বরাদ্দকৃত ঘরের সামনে একটি বৃক্ষরোপণ করেন।

নতুন ঘর হস্তান্তর শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সংশ্লিষ্ট আবাসনটি আধুনিকায়ন করে গড়ে তোলার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি আবাসনে বসবাসরত তিনশত পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

‎​এ সময় নারী শিক্ষার প্রসারে আবাসনের স্কুলগামী শিক্ষার্থীদের সবাইকে একটি করে বাইসাইকেল এবং আবাসনের সকল শিশু শিক্ষার্থীদের স্কুল ড্রেস, স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী।

‎​আবাসন চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল আমিনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।