পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ফাইল ছবি
ঝড়ো হাওয়া ও ভারি বৃষ্টির কারণে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল চালু হয়েছে।
ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ও আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে।
মঙ্গলবার (২৬ মে) দিবাগত গভীর রাত ১২টা ও ১টার সময়েও ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাটে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের লাইন তৈরি হয়।
বুধবার (২৭ মে) সকাল ৭টা ১০ মিনিটের দিকে পশ্চিম আকাশে মেঘ জমে শুরু হয় প্রবল ঝড় ও ভারী বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ নৌরুটের সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
তবে প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল চালু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির জিএম সালাম মিয়া জানান, ঝড় ও বৃষ্টির কারণে নিরাপত্তার স্বার্থে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল আবার চালু করা হয়েছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২৩টি ফেরি, ৩২টি লঞ্চ ও ৬৭টি স্পিডবোট চলাচল করে।