গাইবান্ধায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
ফাইল ছবি
গাইবান্ধায় ঈদযাত্রায় বাইকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক ও পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। নিহত মোটরসাইকেল চালক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার জোদ্দার পাড়া গ্রামের আব্দুল গফুর আলীর ছেলে আলমগীর (২৬) ও পথচারী ওসমান গণি (৬০) পলাশবাড়ী পৌর এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান। এর আগে মঙ্গলবার মধ্য রাতের দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পৌরশহরের রাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২ টার দিকে ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্য মোটরসাইকেল চালিয়ে বাড়ী ফিরছিলেন চালক আলমগীর। পথে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর রাইগ্রাম নামক স্থানে দ্রুতগতির মোটরসাইকেটি সড়ক পারাপার হতে যাওয়া ওসমান গণিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে চালক আলমগীর ও পথচারী ওসমান গণি দুইজনেই গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাদের গুরতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই আলমগীরের মৃত্যু হয়।
ওসমান গণিকে নেওয়া হয় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে লাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন গুরতর আহত হন।
তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর চালক কথা বলছিলেন এবং তার কাছে থাকা এনআইডি থেকে চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন আহমদ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার দুইজনকে গতকাল রাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তাদের মধ্যে মোটরসাইকেল চালক মৃত ছিলো। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরে পাঠানো হয়।
পরে সেখানে তিনিও মারা যান।