হাটহাজারীতে চাঞ্চল্যকর মাদ্রাসাছাত্রী হত্যার পলাতক আসামি গ্রেফতার
সংগৃহীত ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে আলোচিত মাদ্রাসাছাত্রী শিশু আফরিন আক্তার (১১) হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামি মো. রাজিবকে (২০) গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
বুধবার (২৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথ।
তিনি জানান, বুধবার ভোর সোয়া চারটার দিকে তার নেতৃত্বে একটি বিশেষ দল চট্টগ্রামের মিরসরাই থানার খৈয়াছড়া এলাকা থেকে রাজিবকে গ্রেফতার করে। গ্রেফতার রাজিব মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া এলাকার সুলতান আহমদের ছেলে।
এর আগে গত ২১ মে এই মামলার প্রধান আসামি ফয়সালকে (১৯) নরসিংদীর রায়পুরা থানার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতে দেওয়া ফয়সালের ১৬৪ ধারার জবানবন্দিতে পলাতক আসামি হিসেবে রাজিবের নাম উঠে আসে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজারের পূর্বপাশে আল আমিনের ভাড়া করা তুলার গুদামে শিশু আফরিনকে জোরপূর্বক ধর্ষণ করে ফয়সাল। এরপর সহযোগী রাজিব পুনরায় ধর্ষণের চেষ্টা করলে আফরিন চিৎকার করতে উদ্যত হন। এ সময় ফয়সাল ও রাজিব মিলে তাকে নৃশংসভাবে হত্যা করে, ধারালো ও ভোঁতা অস্ত্র দিয়ে মুখমণ্ডল বিকৃত করে এবং বাম চোখ উপড়ে ফেলে। এরপর লাশ তুলার গুদামে বস্তার নিচে লুকিয়ে রাখা হয়।
গত ২৮ মার্চ দুপুরে পুলিশ গুদাম থেকে আফরিনের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এর পরিপ্রেক্ষিতে তার পরিবার থানায় হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করে। এর আগে আফরিন নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, প্রধান আসামি ফয়সাল আদালতে দেওয়া জবানবন্দিতে এই হত্যা ও ধর্ষণে রাজিবের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে মিরসরাইয়ে অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করা সম্ভব হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয় এবং ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে তিনি জানান।