বিশ্বকাপের টানে বাড়ি বিক্রি, স্বপ্ন পূরণে অবসরপ্রাপ্ত শিক্ষক
ফাইল ছবি
সারা জীবন শিক্ষকতা করে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি বাড়ি। যেটি ছিল তার অবসর জীবনের একমাত্র ভরসা। কিন্তু ফুটবলের প্রতি অসীম ভালোবাসা আর বিশ্বকাপ সরাসরি মাঠে বসে দেখার বহুদিনের স্বপ্ন তাকে নিতে বাধ্য করেছে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত।
নিজের শেষ সম্বল সেই বাড়িটিই বিক্রি করে দিয়েছেন অবসরপ্রাপ্ত এক শিক্ষক। পরিবারের আপত্তি, প্রতিবেশীদের বিস্ময়, কিছুই থামাতে পারেনি তাকে। প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে দেখার তীব্র আবেগ এখন তার জীবনের সবচেয়ে বড় অর্জন হতে চলেছে। এই ঘটনা ঘিরে ইংল্যান্ডে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা, আর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।
ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে ফিফা বিশ্বকাপের আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের আগেই ঘটল এক বিরল ঘটনা। অ্যান্ডি মিলন নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক ফিফা বিশ্বকাপের ম্যাচের টিকিট কেনার জন্য নিজের বাড়িটাই বিক্রি করে দিয়েছেন।
অ্যান্ডি একজন শিক্ষক হওয়ার পাশাপাশি মনে প্রাণে এক পাগল ফুটবল ভক্ত। বিশ্বকাপের টিকিট কেনার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তিনি। উপায় না দেখে নিজের বাড়ি বিক্রি করে দেন। প্রায় সাড়ে চার কোটি টাকায় নিজের নর্থউইচের বাড়িটি বিক্রি করেছেন ইংল্যান্ডের বাসিন্দা অ্যান্ডি।
নিজের দল ইংল্যান্ডকে সমর্থন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে বহুবার ফিফা বিশ্বকাপে নিজের দলের জন্য প্রচুর অর্থ খরচ করে টিকিট কেটে মাঠে উপস্থিত থেকেছেন তিনি। তবে এবারের সিদ্ধান্তটা অনেকটাই পাগলামি।
খবরে এসেছে, বাড়ি বিক্রির অর্থ দিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচের টিকিট এবং যাতায়াতের খরচ মেটাবেন অ্যান্ডি। আগামী ১৮ জুন বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ডালাসে খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচেই মাঠে উপস্থিত থাকবেন অ্যান্ডি।
শুনতে অবাক মনে হলেও, ইংল্যান্ডের উৎসবে শামিল হতে ইতিমধ্যেই ডালাসে পৌঁছে গিয়েছেন তিনি।