ঈদের দিনেও চলবে যে ট্রেন
সংগৃহীত ছবি
ঈদের দিনেও চলবে একটি আন্তঃনগর ট্রেন। তবে নির্ধারিত সূচি অনুযায়ী নয়, বিলম্বের গ্যাঁড়াকলে পড়ে ট্রেনটি ঈদের দিনও চলাচল করবে।
ট্রেনটি হলো- আন্তঃনগর বিজয় এক্সপ্রেস।
জামালপুর-চট্টগ্রাম পথের এ ট্রেনটি সাড়ে ৭ ঘণ্টার বেশি চলাচল করায় ঈদের দিন চলতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম থেকে ট্রেনটি সকাল সোয়া ৯টায় ও জামালপুর থেকে রাত ৮টায় ছেড়ে যায়। ট্রেনটির পরিচালন সময় সাড়ে আট ঘণ্টা।
চট্টগ্রাম-ময়মনসিংহের পরিবর্তে চট্টগ্রাম-জামালপুর পর্যন্ত বর্ধিত করার পরই ট্রেনটি নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলতে পারছে না। পরিচালন সময় বেশি লাগে বলে প্রতিনিয়তই বিলম্ব বাড়ে।
চলতি সপ্তাহে ট্রেনটির বিলম্ব প্রায় প্রতিদিনই বাড়ছে। সর্বশেষ বুধবার ট্রেনটি সাত-আট ঘণ্টা বিলম্বে চলে।
এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।
ঈদের আগে সর্বশেষ ট্রিপ হিসেবে সকাল সোয়া ৯টার বদলে প্রায় সোয়া সাত ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম ছেড়ে যায়। এর আগে ট্রেনটি আট ঘণ্টার বেশি বিলম্বে চট্টগ্রাম পৌঁছায়।
সংশ্লিষ্টরা জানান, পরিচালন সময় অনুযায়ী চললে ট্রেনটি রাত ১টার দিকে জামালপুর পৌঁছাবে।
২টার সময় ছেড়ে এলেও ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাতে ১১টার বেশি বেজে যাবে। পথে বিলম্ব বাড়লে বুধবারের মতো ১টা-২টা বেজে যেতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ট্রেনে দায়িত্বরত একাধিক কর্মচারী বলেন, ‘টাইমিংয়ের দিক থেকে এই মুহূর্তে সবচেয়ে বাজে ট্রেন হচ্ছে বিজয় এক্সপ্রেস। ট্রেনটির চলাচল জামালপুর পর্যন্ত বর্ধিত করার পর থেকে একেবারেই সময় মেনে চলতে পারছে না। এবার তো আমরা যারা দায়িত্বে থাকব তারা ঈদের নামাজ আদায় করতে পারব না।’