আমার জন্য সবাই দোয়া করবেন, ঈদ মোবারক
ফাইল ফটো
ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি দীর্ঘ চিকিৎসা শেষে এখন অনেকটাই সুস্থ। সামাজিক মাধ্যমে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি নিজেই। ঈদের আগের দিন রাতে এক ফেসবুক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন এই অভিনেত্রী।
চলতি বছরের শুরুতে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। গত ফেব্রুয়ারিতে ঢাকায় তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষ হলেও পরে মে মাসে আবার তার অসুস্থতার খবর আসে।
ভক্তদের সেই উদ্বেগ আর ভালোবাসার জবাব দিতেই ঈদের আগের দিন রাতে সামাজিক মাধ্যমে এই পোস্ট তানিয়ার। অভিনেত্রীর পেজ থেকে লেখা হয়, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমি এখন অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাকে এত ভালোবাসা ও দোয়ায় রাখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।
কাজে ফেরার আশা জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রী লেখেন, অবশ্যই আপনাদের জন্যই আমি ফিরে আসতে চাই এবং আপনাদের জন্যই ফিরবো ইনশাআল্লাহ। ঈদটা আপনাদের খুব ভালো কাটুক, তাই ঈদের সময় আপনাদের সাথে লাইভে থাকতে চাই। ইনশাআল্লাহ সবার সাথে কথা হবে। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক!
বর্তমানে ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রীদের একজন তানিয়া বৃষ্টি। তার অভিনীত বেশ কিছু নাটক দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তার এই ফেরার বার্তায় স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত ও সহকর্মীরা। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় অভিনেত্রীর পুরোপুরি সুস্থ হয়ে আবারও সেটে ফেরার।