চীনে যাত্রীবাহী ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

চীনে যাত্রীবাহী ভ্যান ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৩

ছবিঃ সংগৃহীত

চীনের মধ্যাঞ্চলে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি ছোট যাত্রীবাহী ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার দেশটির ট্রাফিক পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

পুলিশ জানায়, নয়জন যাত্রী বহনের অনুমতি থাকা ছোট ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটে হেনান প্রদেশের নানইয়াং শহরের জি-৪০ এক্সপ্রেসওয়েতে চলার সময় ছোটভ্যানটি সামনে থাকা একটি সেমি-ট্রেইলার ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ট্রাফিক ব্যবস্থাপনা ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে দেওয়া এক বার্তায় জানায়, দুর্ঘটনার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ টিম নানইয়াংয়ে পাঠানো হয়েছে।

সড়ক নিরাপত্তায় শিথিলতা এবং বেপরোয়া যান চলাচলের কারণে চীনে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।