এশিয়ান বাছাইয়ে গ্রুপে ভারতকে পেল রোনানরা

এশিয়ান বাছাইয়ে গ্রুপে ভারতকে পেল রোনানরা

ছবি: সংগৃহীত

ঈদের দিনে বাংলাদেশের ফুটবলে তুমুল ব্যস্ততা। রাতে ভারতের গোয়ায় নারী সাফে মালদ্বীপের মুখোমুখি হবে। সকালে জামালরা সান মারিনো ম্যাচের জন্য ঘাম ঝরিয়েছেন। এরই মধ্যে আজ দুপুরে এশিয়ার ফুটবলের সদর দপ্তর মালয়েশিয়ার কুয়ালামাপুরে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাইয়ের ড্র হয়েছে। 

বাংলাদেশ ‘বি’ গ্রুপে পড়েছে। এই গ্রুপে আছে স্বাগতিক উজবেকিস্তান। অন্য দুই প্রতিপক্ষ ভারত ও সিরিয়া। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আর সাত সেরা রানার্সআপ দল আগামী বছর চীনে মূল পর্বে খেলবে। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে চীন।

২৫ আগস্ট-৬ সেপ্টেম্বর বাছাই পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ বাছাই ম্যাচগুলো খেলবে। বাংলাদেশ প্রথমে উজবেকিস্তান, এরপর সিরিয়া ও ভারতের বিপক্ষে লড়বে। বাংলাদেশ সম্প্রতি সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতকে টাইব্রেকারে হারিয়ে রোনানরা দক্ষিণ এশিয়ার সেরা হয়েছে। এএফসি টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে সেই ভারতই পড়েছে। 

এএফসির বয়সভিত্তিক আসরগুলোর বাছাইয়ে চল্লিশের অধিক দল অংশগ্রহণ করত। এবার থেকে এএফসি সরাসরি সবাইকে বাছাই খেলার সুযোগ দিচ্ছে না। বিগত আসরগুলো বাজে পারফরম্যান্স করা দলগুলোকে এবার ডেভেলপমেন্ট কাপ খেলে আগামী বছর বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। আবার এই বছর সরাসরি বাছাইয়ে খেলা আট গ্রুপের মধ্যে সর্বনিম্ন ছয় দলকে আগামী বছর ডেভলপমেন্ট কাপ খেলতে হবে।