চট্টগ্রামে আড়াই কোটি টাকার বিদেশি মদসহ গ্রেফতার ৫

চট্টগ্রামে আড়াই কোটি টাকার বিদেশি মদসহ গ্রেফতার ৫

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৪৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।  

গ্রেফতাররা হলেন- মো. জসীম শেখ (৩০), আশীষ কান্তি নাথ (৪৮), আল এমরান (৪২), ওমর ফারুক (৪৩) ও আজহারুল ইসলাম সরকার (৪৪)।  

বুধবার (২৭ মে) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের শেষ মাথায় জামাল স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (আজ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়, সহকারী পুলিশ কমিশনার (এলআইসি) মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজনের নেতৃত্বে বাকলিয়া থানার বিশেষ অভিযান টিম এ অভিযান চালায়। জব্দ হওয়া বিদেশি মদের আনুমানিক মূল্য প্রতি লিটার ১০ হাজার টাকা হিসেবে মোট ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।