মালয়েশিয়ায় প্রতিষ্ঠানের কর্মীদের সঙ্গে মালিকের ব্যতিক্রমী ঈদ উদযাপন
সংগৃহীত
ত্যাগ ও উৎসবের আনন্দে মালয়েশিয়ায় ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী আয়োজন করেছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও ‘সি মিলেনিয়াম ট্রেড এসডিএন বিএইচডি’ প্রতিষ্ঠানের কর্ণধার মো. অহিদুর রহমান। প্রবাসের মাটিতে বাংলাদেশি সংস্কৃতি, কৃষ্টি ও ঈদের আবহ ধরে রাখতে এই আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মালয়েশিয়ার স্থানীয় বিভিন্ন উচ্চপদস্থ ও গণমান্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। এছাড়া দেশটিতে বসবাসরত বিভিন্ন বাংলাদেশি কমিউনিটির নেতারাও অংশ নেন এই ঈদ পুনর্মিলনীতে। মালিক ও কর্মীরা একসঙ্গে অতিথিদের স্বাগত জানান এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রায় ৪০০ থেকে ৫০০ প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে অনুষ্ঠানস্থল যেন এক টুকরো বাংলাদেশে রূপ নেয়। কর্মব্যস্ত প্রবাসজীবনের বাইরে এমন মিলনমেলায় অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করেন প্রবাসীরা। তারা বলেন, প্রবাসে বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় স্বাদের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। ঈদুল আজহার আবহ ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয় তাজা গরু ও খাসির মাংস, বিভিন্ন ধরনের ফলমূল এবং হরেক রকম সালাদ। বিদেশের মাটিতে এমন দেশীয় আয়োজন অতিথিদের মুগ্ধ করে।
কুরবানির আনুষ্ঠানিকতা শেষে সবার জন্য বিশেষ মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়। সেখানে স্থানীয় অতিথি, প্রবাসী বাংলাদেশি ও প্রতিষ্ঠানের সাধারণ কর্মচারীরা একসঙ্গে বসে খাবার উপভোগ করেন।
প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান, প্রবাসজীবনের ব্যস্ততার মাঝে মালিকের কাছ থেকে এমন আন্তরিকতা ও সম্মান পাওয়ায় তাদের ঈদের আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে। স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিও অনুষ্ঠানটিকে আরও বিশেষ করে তুলেছে।