বাটলারের চোখে ঋতুপর্ণা এশিয়ার অন্যতম সেরা
ঋতুপর্ণা চাকমা
বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম সেরা তারকা ঋতুপর্ণা চাকমা। দুটো সাফ জয় এবং এশিয়ান কাপে জ়ায়গা করে নেয়ার ক্ষেত্রে তার বেশ গুরুত্বপূর্ণ অবদান ছিল। তবে চলমান সাফের প্রথম ম্যাচটা ভালো কাটেনি ঋতুপর্ণার। অবশ্য তাতে কোনো শঙ্কা দেখছেন না কোচ পিটার বাটলার। সেরা তারকার ওপর আস্থা রাখছেন কোচ।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে সব গুরুত্বপূর্ণ ম্যাচেই নজর কেড়েছেন ঋতু। গোয়ায় চলমান সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তেমন আলো কাড়তে পারেননি এই স্ট্রাইকার। ফলে ম্যাচের ফলাফলে প্রভাব পড়েছে। যেই মালদ্বীপকে হেসেখেলে হারিয়ে অভ্যস্ত বাংলাদেশ, তাদের বিপক্ষে লাল-সবুজদের জিততে হয়েছে বেশ কাঠখড় পুড়িয়ে।
অবশ্য মাঠে চেষ্টার কোনো কমতি ছিল না ঋতুপর্ণার। বাঁ প্রান্ত দিয়ে ২২-২৩টি ক্রস করার পাশাপাশি ১১ সেকেন্ডে আনিকার করা গোলেও অ্যাসিস্ট ছিল তার। তবে একটি ম্যাচ আশানুরূপ পারফর্ম না করতে পারলেও যে ঋতুই তার সেরা অস্ত্র, সেটা আরও একবার অকপটে জানিয়ে দিলেন পিটার বাটলার।
৩০ মে সকালে মারগাঁওয়ের ডন বস্কো কলেজ মাঠে অনুশীলন শেষে কোচ পিটার বাটলার নিজেই টেনে আনেন ঋতুপর্ণার প্রসঙ্গ। বলেন, ‘ঋতুর জন্য ওই দিনটি খারাপ ছিল এবং এমনটা হতেই পারে।’
ঋতুর প্রতি মুগ্ধতা প্রকাশে তিনি আরও বলেন, ‘ঋতু আমার কাছে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা উইঙ্গার। সে তরুণ এবং দারুণ প্রতিভাবান; সে দলের জন্য একপশলা টাটকা বাতাসের মতো, তা ছাড়া মনিকা ফিরে আসায় আমি খুশি।’
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে বাটলার বলেন, ‘আমরা এখন একটি সম্পূর্ণ আলাদা দল এবং অনেক ভালো ফুটবল খেলছি। আমাদের দলে কিছু প্রকৃত ম্যাচ উইনার আছে। বিশেষ করে ভারতের আক্রমণ করার মানসিকতা থাকলে আমাদেরও তা আছে। আমরা যেমন প্রয়োজনবোধে রক্ষণভাগ সামলাতে জানি, তেমনি গোল করার সুযোগও তৈরি করতে পারি।’
আগামীকাল রাত ৮টায় গ্রুপ সেরার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।