জার্মানিতে বাড়ির ছাদে বিমান বিধ্বস্ত, নিহত ২
ছবিঃ সংগৃহীত।
জার্মানির উত্তর পশ্চিমাঞ্চলে একটি ছোট ব্যক্তিগত বিমান আবাসিক এলাকার একটি বাড়ির ছাদে বিধ্বস্ত হয়ে দুই আরোহীর মৃত্যু হয়েছে।স্থানীয় সময় শনিবার ওলডেনবুর্গের কাছে গান্ডারকেসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হালকা বিমানটি একটি বাড়ির ঢালু ছাদে সোজাসুজি আঘাত হানে। বিমানে থাকা ব্রেমেনের ৬৫ ও ৭৭ বছর বয়সী দুই ব্যক্তি ছিলেন। প্রথমে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও অপরজন নিখোঁজ ছিলেন।
পরবর্তীতে বিমানের ধ্বংসাবশেষ অপসারণে দীর্ঘ ও জটিল উদ্ধার অভিযান শেষে ডেলমেনহর্স্ট পুলিশ নিশ্চিত করে, দুর্ঘটনায় দুই আরোহীই নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর বাড়ির বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলার পর তাদের বাড়িতে ফিরতে দেওয়া হয়।
বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।