চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ফ্রান্সজুড়ে সহিংস উদযাপন, গ্রেফতার ৪১৬
সংগৃহীত ছবি
টানা দ্বিতীয়বারের মতো ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফাইনালে আরসেনালকে পরাজিত করে শিরোপা জয়ের পর ফ্রান্সজুড়ে উদযাপন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ে। দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় ৪১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাজধানীতে বাস, ট্রেন ও রেল পরিষেবায়ও ব্যাপক বিঘ্ন ঘটে।
উদযাপনের সময় আতশবাজি ও ফ্লেয়ার জ্বালানো হয়, পাশাপাশি দাঙ্গার ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এর আগে ২০২৫ সালে ক্লাবটির জয় উদযাপনও প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, প্যারিসের বিভিন্ন এলাকায় ফ্লেয়ার জ্বালানো হচ্ছে, বৈদ্যুতিক বাইক ও যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এবং অন্তত একটি দোকানের শোকেস ভাঙচুর করা হচ্ছে।
ফাইনাল ম্যাচে পিএসজি টাইব্রেকারে জয় নিশ্চিত করতেই বিখ্যাত শঁজেলিজে সড়ক দ্রুতই হাজারো সমর্থকে ভরে যায়। এর আগে দিনের শুরুতে পার্ক দে প্রিন্সেসে বড় স্ক্রিনে ম্যাচ দেখার সময় সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সহিংসতায় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, রবিবার ভোর পর্যন্ত মোট ৪১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শুধু প্যারিসেই গ্রেফতার করা হয় ২৮০ জনকে।
স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এই সহিংস ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন। সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও তিনি জানান।
ডানপন্থী রাজনীতিক মেরিন লে পেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “একটি ফুটবল ক্লাবের জয় দাঙ্গায় রূপ নেয়, এটি কেবল ফ্রান্সেই ঘটে।”
তিনি আরও বলেন, “বিজয়ের রাতেও সহিংসতার মুখোমুখি হওয়ার ভয়ে মানুষকে ঘরে তালাবদ্ধ থাকতে হয়-এটাই এখন বাস্তবতা।”
এদিকে পিএসজির খেলোয়াড়দের জন্য রবিবার একটি বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এতে তারা শঁ দে মার্স এলাকা, আইফেল টাওয়ারের পাশ দিয়ে র্যালি করবেন এবং পরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন।
উল্লেখ্য, গত বছর পিএসজির ইউরোপীয় সাফল্য উদযাপনও সহিংসতায় রূপ নেয়, যেখানে দু’জন নিহত হন- এর মধ্যে ১৭ বছর বয়সী এক কিশোরও ছিল। সূত্র: বিবিসি