দেশের আইন-শৃঙ্খলা অবনতির দিকে যাচ্ছে: ডা. তাহের
ফাইল ছবি
জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিশু হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এসব ঘটনার সঙ্গে সরকারি দলের লোকজন জড়িত থাকায় আইন-শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিতে পারছে না বলেও তিনি অভিযোগ করেন।
রবিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, আমরা সংসদে বিষয়টি তুলে ধরবো। পাশাপাশি সংসদের বাইরে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে আরও কার্যকর ও সচেতন ভূমিকা পালন করা যায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
বিএনপি নেতৃত্বাধীন সরকারকে ব্যর্থ সরকার বলা যায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এতো দ্রুত কোনো সরকারকে ব্যর্থ বলতে চাই না। বর্তমান পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে মানুষের কাছে তাদের ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে উঠবে।
চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।