খাগড়াছড়িতে স্কুলে অগ্নিকাণ্ড, টিনশেড ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে স্কুলে অগ্নিকাণ্ড, টিনশেড ভবন পুড়ে ছাই

প্রতিকি ছবি

খাগড়াছড়ি সদর উপজেলার পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনশেড ভবন সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং সততা স্টোরের মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুর পৌনে ৩টার দিকে বিদ্যালয়টিতে আগুনের সূত্রপাত হয়। বিদ্যালয়টি উঁচু পাহাড়ের ওপর অবস্থিত হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আক্তার জানান, আগুনে বিদ্যালয়ের দীর্ঘ টিনশেড ভবনটি সম্পূর্ণ পুড়ে গেছে। ভবনের ভেতরে সংরক্ষিত শিক্ষার্থীদের ব্যবহারের চেয়ার-টেবিল, বৈদ্যুতিক ফ্যানসহ বিভিন্ন শিক্ষা উপকরণ এবং সততা স্টোরের সব মালামাল আগুনে ধ্বংস হয়ে গেছে।

তিনি দাবি করেন, প্রাথমিকভাবে শুধুমাত্র মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ভবনের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে, তবে তা এখনো নিরূপণ করা হয়নি।

প্রধান শিক্ষক আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।