ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতার মানববন্ধন
সংগৃহীত
নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তিসহ ৬ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে মৌন প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৬ নেতাকর্মী।
সোমবার (১ জুন) সকাল আটটায় ডাকসু ভবনের সামনে মাথায় হেলমেট ও মুখে কালো কাপড় বেঁধে ব্যানার হাতে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম, মানবাধিকারবিষয়ক সম্পাদক শিবলী সাদিক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রাজিব জামান, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম, মহসীন হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির হোসাইন খোকা, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগ উপ-সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ৬ দফা দাবি সমুহ হলো সারা বাংলাদেশে ছাত্রলীগের সকল শিক্ষার্থীদের অবৈধ বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে; বাংলাদেশ ছাত্রলীগের সব রাজবন্দির ‘শ্যোন অ্যারেস্ট’ বন্ধ করে নিঃশর্ত মুক্তি দিতে হবে; হামের টিকার অর্থ আত্মসাৎ করে সুপরিকল্পিতভাবে ৬ শতাধিক শিশুহত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক ইউনূসের ফাঁসি এই বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে; নারী ও শিশু হত্যাকারী, ধর্ষক, মাদ্রাসায় শিশু বলাৎকারকারী এবং অনলাইনে নারী হেনস্তাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখলকারীদের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে দলীয় নিয়োগ বন্ধ করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মব সৃষ্টি করে শিক্ষক লাঞ্ছনাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে শিক্ষাগুরুর মর্যাদা ফিরিয়ে দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল রতন বলেন, ‘এটা তো যেকোনো সময়, যেকেউ হুট করে করতে পারে, এমনকি ২-৩ সেকেন্ডের জন্যও হতে পারে। বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি।’
তিনি আরও বলেন, ‘কারা জড়িত ছিল, তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। পরবর্তী সময়ে নিশ্চিত হয়ে বিস্তারিত জানানো হবে।’