জীবনের নতুন অধ্যায় শুরু করলেন পপতারকা দুয়া লিপা
ছবিঃ সংগৃহীত।
বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় নাম দুয়া লিপা। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই পপতারকা।ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
লন্ডনে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয়েছে এই তারকা জুটির বিয়ে।
আন্তর্জাতিক গণমাধ্যমে বিয়ের প্রথম ছবি প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। নবদম্পতিকে ভক্তরা শুভেচ্ছা আর অভিনন্দন জানান।
জানা গেছে, লন্ডনের মেরিলিবোন এলাকার রেজিস্ট্রি অফিসে মাত্র ৩০ থেকে ৪০ মিনিটের একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেন ৩০ বছর বয়সী দুয়া ও ৩৬ বছর বয়সী ক্যালাম।
অনুষ্ঠান শেষে রেজিস্ট্রি অফিসের সিঁড়ি দিয়ে নামার সময় পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা কনফেটি ছুড়ে শুভেচ্ছা জানান নবদম্পতিকে।
পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি কালো ট্যাক্সিতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তারা।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও উদ্যাপন এখনো বাকি। আগামী সপ্তাহে ইতালির সিসিলি দ্বীপে তিন দিনব্যাপী এক জমকালো আয়োজনের পরিকল্পনা করেছেন এই তারকা যুগল।
সপ্তদশ শতাব্দীর ঐতিহ্যবাহী ভিলা ভালগুয়ারনেরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এ আয়োজনে উপস্থিত থাকতে পারেন সংগীত ও ফ্যাশন জগতের একাধিক তারকা।
অতিথি তালিকায় রয়েছেন স্যার এলটন জন, মার্ক রনসন, চার্লি এক্সসিএক্স এবং বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার দোনাতেলা ভার্সাচির মতো ব্যক্তিত্বরা।
২০২৪ সালে দুয়া লিপা ও ক্যালাম টার্নারের সম্পর্ক প্রথমবারের মতো আলোচনায় আসে। তবে নিজেদের ব্যক্তিগত জীবনকে সবসময়ই প্রচারের আলো থেকে দূরে রাখতে চেয়েছেন তারা।
২০২৫ সালের জুনে ব্রিটিশ ফ্যাশন সাময়িকী ‘ভোগ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুয়া লিপা তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। সেই ঘোষণার এক বছরের মাথায় ভালোবাসার সম্পর্ককে পরিণয়ে রূপ দিলেন এই আলোচিত তারকা জুটি।